করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৫টি পরীক্ষাগারে ১০ হাজার ৭৫৯ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ২ হাজার ৪৮৭ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৯৯ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। এর মধ্যে ১ হাজার ৭৬৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন।
চব্বিশ ঘণ্টার তথ্যানুযায়ী, দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩.১২ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৭.৬০ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সবশেষ চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩১ জন পুরুষ, তিনজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১৪ জন, খুলনা বিভাগের সাতজন, চট্টগ্রাম বিভাগের ছয়জন, রাজশাহী বিভাগে চারজন, রংপুর বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, দেশে চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের মধ্যে, ছয়জন করে মৃত্যু হয়েছে ৫১-৬০ ও ৭১-৮০ বছর বয়সীদের মধ্যে, পাঁচজনের মৃত্যু হয়েছে ৪১-৫০ বছরের মধ্যে, চারজনের বয়স ৩১-৪০ বছর, একজন করে মৃত্যু হয়েছে ২১-৩০ ও ৮১-৯০ বছরের মধ্যে।