১০১ ধরনের অস্ত্র-সরঞ্জাম নিজেই বানাবে ভারত

আমদানি কমিয়ে অস্ত্র ও সরঞ্জাম তৈরির সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার একাধিক টুইটে এ খবর জানান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ১০১ ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি বন্ধ করে দেবে ভারত, এমনটা জানান রাজনাথ সিং। পাঁচ বছরের মধ্যে এসব অস্ত্র দেশটিতেই তৈরি হবে।

অস্ত্র ও সরঞ্জাম তৈরি বাবদ দেশীয় সংস্থাগুলো আগামী কয়েক বছরে প্রায় চার লাখ কোটি রুপির বরাত পাবে বলে তিনি জানান। চলতি বছর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। 

রাজনাথ সিং বলেন, দেশি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেরাই অত্যাবশ্যক এই পণ্যগুলো তাদের নকশা অনুযায়ী তৈরি করতে সক্ষম। এই কাজে তাদের সহায়তা দেবে সরকারের ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনও’ বা ডিআরডিও। 

তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এ পি জে আবদুল কালামের স্বপ্ন ছিল প্রতিরক্ষা খাতে দেশকে স্বনির্ভর করে তুলতে ‘ডিআরডিও’কে উপযুক্ত করে গড়ে তোলা। রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত বিজ্ঞানী হিসেবে তিনি এই কাজেই ব্রতী ছিলেন।

১০১ অস্ত্র-সরঞ্জামের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কামান, অ্যাসল্ট রাইফেল, রণতরী, মালামাল পরিবহন বিমান, হালকা যুদ্ধ হেলিকপ্টার, রাডার। 

রাজনাথ জানান, আগামী ছয়-সাত বছরের মধ্যে সেনা ও বিমানবাহিনী ২ লাখ ৬০ হাজার কোটি রুপির অস্ত্র ও সরঞ্জাম দেশি সংস্থার কাছ থেকে কিনবে। নৌবাহিনী কিনবে ১ লাখ ৪০ হাজার কোটি রুপির সামরিক পণ্য।