কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নে বাবা-মা ও ছোট বোনকে পিটিয়ে বেঁধে রেখে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আসামিরা ডাকাতির উদ্দেশ্যে গিয়ে এ ঘটনা ঘটায়। তিন আসামির মধ্যে দুজনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করলে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। বাকি এক আসামিকেও আদালতে রিমান্ড আবেদন করা হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আসামি আবদুল মালেককে (৩৮) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর, আবদুস সালামকে (৪২) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী এবং আবুল কালাম আজাদকে নাগেশ^রী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাজির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ২৬ জুলাই গভীর রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে।