মোংলার কেওড়াতলা এলাকার এক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা দখল করে রাখার অভিযোগ উঠেছে ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত এক প্রতিবেশীর বিরুদ্ধে। আবদুল বারী নামে ওই ব্যক্তির বিরুদ্ধে এলাকার আরও কয়েক ব্যক্তির ভূমি দখল ও হুমকি-ধামকি দেওয়ার ঘটনায় থানায় একাধিক লিখিত অভিযোগ এবং সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা।
থানায় করা অভিযোগ ও জিডির পরিপ্রেক্ষিতে জানা যায়, পৌর শহরের কেওড়াতলা এলাকায় এক ব্যক্তির কাছ থেকে জমি কেনেন কবির হোসেন ও অভিযুক্ত আবদুল বারী। এরপর কবির হোসেন মারা গেলে প্রভাবশালী আবদুল বারী কেনা জমির পাশের রাস্তার জায়গাটুকুও দখল করে নেন।
এ বিষয়ে আবদুল বারী জানান, দলিলে উল্লেখ থাকলেও তিনি রাস্তা দিতে পারবেন না। চলাচলে সমস্যা হলে সূর্য্যবানুর সম্পত্তি তার কাছে বিক্রি করে দিতে পারেন।
মোংলা থানার এসআই অমিত কুমার বিশ্বাস বলেন, অভিযোগকারী সূর্য্যবানুর দলিলে চলাচলের রাস্তার কথা উল্লেখ রয়েছে। রাস্তা ছেড়ে আবদুল বারীকে দলিল অনুযায়ী মাপজোখ করে জমি নেওয়ার জন্য বলা হয়েছে।