লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ধানখেতে কাজ করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে জাহেদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জাহেদুল ওই গ্রামের মৃত দফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে একজনের আমন ধানখেতে কৃষি শ্রমিক হিসেবে কাজে যান জাহেদুল ইসলাম। ওই ধানখেতে দীর্ঘ দিন ধরে পড়েছিল স্থানীয় শাহ্ আলম নামে একজনের খোলা বৈদ্যুতিক লাইন। অনেক বার বলার পরেও সেই খোলা লাইন সরানো হয়নি। ধানখেতে কাজ করতে গিয়ে বিদ্যুতের নগ্ন তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জাহেদুল ইসলাম। এ সময় অপর শ্রমিকেরা তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাদের তিনজনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই জাহেদুল ইসলামের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অপর দুই শ্রমিককে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।