দাউদকান্দিতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার দাউদকান্দিতে জাকির হোসেন (৫৫) নামে  দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায়  উপজেলার গৌরীপুর উত্তর বাজারের হাজী মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের চেঙ্গাতুলি গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে। 

নিহতের ছেলে জহিরুল ইসলামের স্ত্রী পান্না আক্তার জানান,   জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলী আশরাফের ছেলে মিজান তেল চুরির অভিযোগে জাকিরকে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে এবং তার শরীর থেকে সিরিজ দিয়ে রক্ত রাখে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জাকিরকে আহত অবস্থায় উদ্ধার করে বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর আমার শ্বশুর মারা যায়।

জাকির হোসেন পরিবারের সবাইকে নিয়ে গৌরীপুর বাজারে ভাড়া থেকে দিনমজুরি  করে জীবিকা নির্বাহ করতেন।

চেয়ারম্যান আলী আশরাফ বলেন, তেল চুরির বিষয় কিনা জানি না, জাকির নিরীহ মানুষ। ট্রাক্টর চালাতো আবার দিনমজুরিও করতে।  তবে শুনেছি সে কেরির ট্যাবলেট খেয়ে মারা গেছে। আর আমার ছেলের নামে মিথ্যা অভিযোগ তুলছে।

সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে  গিয়ে মরদেহের  সুরতহাল রিপোর্ট নিয়ে ময়না তদন্তর জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  তবে নিহতের শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে । নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আমরা মামলা নেব।