ইয়াবার আসামিকে ছাড়িয়ে নিতে এসে ঘুষের ২ লাখ টাকাসহ আটক ৬

কুমিল্লায় ইয়াবার চার আসামিকে ছাড়িয়ে নিতে এসে ঘুষের দুই লাখ টাকাসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের হাতে আটক হয়েছে ছয়জন। সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১১ সিপিসি ২ এর একটি দল।

র‌্যাব-১১ সিপিসি ২ এর অধিনাযক মেজর সাকিব জানান, সোমবার নগরীর নানুয়াদীঘি এলাকা থেকে ৩০৫ পিচ ইয়াবা, ১২ ক্যান বিয়ার, মাদক বিক্রির ৩৭ হাজার টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- কুমিল্লা জেলার কোতয়ালি থানার পুরাতন মৌলভীপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. শহিদুজ্জামান সজীব (২৮), কোতয়ালি থানার কাপ্তান বাজার আদালতপাড়া গ্রামের মো. জহিরুল হকের ছেলে মো. জুবায়েরুল হক নিপু (৩১), কোতয়ালি থানার বজ্রপুর সার্কুলার রোডের মৃত আ. জলিলের ছেলে মো. শাকিল বিন জলিল (৩০) এবং বুড়িচং থানারজিয়াপুর গ্রামের মৃত আবদুল জলিল ভূঁইয়ার ছেলে মো. আবুল হোসেন ভূঁইয়া (৩৮)।

আটকদের র‌্যাব অফিসে নিয়ে আসলে বোরহান মাহমদু কামরুলসহ ছয়জন আসামিদের ছাড়িয়ে নিতে দুই লাখ টাকা উৎকোচ প্রদানের চেষ্টা করলে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

তারা হলেন- কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. বোরহান মাহমুদ কামরুল (৪৭), কোতয়ালি থানার কাপ্তান বাজার থানার আদালতপাড়া গ্রামের মৃত ইউনুছ মুন্সীর ছেলে মো. জহিরুল হক (৬৪), কোতয়ালি থানার বজ্রপুর মৌলভীপাড়া গ্রামের আহমেদুল কবিরের ছেলে মো. ইফতেখারুল কবির (১৮), কোতয়ালি থানার মৌলভীপাড়া গ্রামের মৃত ফরিদ আহমেদের ছেলে মো. ফয়েজ আহমেদ অপু (৪০), কোতয়ালি থানার ছোটরা গ্রামরে মৃত আবদুল বারেকের ছেলে মো. নিয়ামুল (৩০) এবং কোতয়ালি থানার ইলাসপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে মো. আমজাদ হোসেন (৩৬)। তাদের কাছ থেকে উৎকোচ প্রদানের জন্য আনা দুই লাখ দুই হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।

কুমিল্লা র‌্যাব-১১ কোম্পানি অধিনায়ক নাজমুছ সাকিব জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং উৎকোচ প্রদানের চেষ্টার অপরাধে দুদকের মামলা প্রদান করা হবে।