মাস্ক না পরে বাইরে বের হয়ে বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাদা। মঙ্গলবার পুলিশ জাদেজার স্ত্রীর স্বাস্থ্যবিধি ভঙের কথা জানায়।
হিন্দুস্থান টাইম তাদের প্রতিবেদনে বলেছে, ঘটনা সোমবার রাতের। রাজকোটের গুজরাটে জাদেজা ও তার স্ত্রী দুজনই বাইরে বের হয়েছিলেন। গাড়ি চালানো অবস্থায় জাদেজার মুখে মাস্ক থাকলেও তার পাশের সিটে বসা স্ত্রী রিভাদার মুখে মাস্ক ছিল না।
যে কারণে কিসানপারা চকের কাছে দায়িত্বে থাকা প্রধান কনস্টেবল সোনাল গোসাই জাদেজার গাড়ি থামান। এ সময় রিভাদা উল্টো পুলিশের সঙ্গে তর্কে জড়ান।
ডেপুটি কমিশনার মনোহর সিং জাদেজা পিটিআইকে বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে রিভাদা জাদেজা মাস্ক পরেননি। কিন্তু কেন ব্যাপারটা এত দূর এগোল সেটা এখনো তদন্ত করে দেখা হচ্ছে। আমরা জেনেছি দুই পক্ষই তর্কাতর্কি করেছে।’
যে তর্কাতর্কির পর কনস্টেবল সোনাল গোসাই অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালেও নিতে হয়েছিল বলে খবর। আধ ঘণ্টা পর অবশ্য তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
ডেপুটি কমিশনার মনোহর সিং জাদেজা জানান, জাদেজা ও সোনাল পরস্পরের দিকে আঙুল তুলছিলেন। একে-অপরের সঙ্গে খারাপ ব্যবহারও করেন। তবে কেউই লিখিত অভিযোগ জানাননি।