কক্সবাজার শহরে জনতার গণপিঠুনি থেকে উদ্ধার করা মাদক মামলার এক আসামী পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় সদর থানার ওসি মো. শাহাজাহান কবিরকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯ টার দিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া নবী হোসেন কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার পশ্চিম মুক্তারকূল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদক আইনে মামলা রয়েছে।
ডিআইজি গোলাম ফারুক বলেন, সোমবার দুপুরে কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় একদল লোক মাদক মামলার পলাতক আসামী নবী হোসেনকে মারধর করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার গণপিটুনির হাত থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
ডিআইজি আরও বলেন, হাসপাতালে চিকিৎসা শেষে নবী হোসেনকে কক্সবাজার থানায় নিয়ে আসা হয়। পরে মঙ্গলবার বিকেলে থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর থানার ওসি এএসএম শাহজাহান কবীরকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।