এবার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের যাত্রীদের জন্য কভিড সনদ বাধ্যতামূলক করেছে কাতার এয়ারওয়েজ। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ নির্দেশনা কার্যকর করা হবে। গতকাল মঙ্গলবার কাতার এয়ারওয়েজের টিকিট কেনা যাত্রীদের এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের জন্য জারি করা নির্দেশনায় বিষয়টি জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, কাতার এয়ারওয়েজ ১৩ আগস্ট থেকে দোহাগামী সব যাত্রীর জন্য কভিড-১৯ পরীক্ষার সনদ নিয়ে আসা বাধ্যতামূলক করেছে। তবে ১২ বছরের কমবয়সী শিশুরা পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণ করলে তাদের কভিড-১৯ সনদ লাগবে না। যাত্রার ৭২ ঘণ্টা বা তার কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে কভিড-১৯ পরীক্ষা করাতে হবে।
বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানিয়েছে, কাতারে ভ্রমণের আগে যাত্রীদের নির্দিষ্ট ১৪টি জেলার যেকোনো একটির সিভিল সার্জন নির্ধারিত স্থানে যাত্রা সময়ের ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় বাকি থাকতে নমুনা প্রদান করে করোনা পরীক্ষা করাতে হবে। প্রতিটি ফ্লাইটের দিন বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের হেলথ ডেস্কে কর্মরত কর্মীরা কাতার এয়ারওয়েজের যাত্রীদের নিয়ে আসা করোনা সনদ অনলাইনে যাচাই করে দেবেন। নির্দেশনাটি বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, ইরান, ইরাক, পাকিস্তান, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য।