সন্ত্রাসী হামলায় আহত যুবলীগ নেতা রাসেলের মৃত্যু

সন্ত্রাসী হামলায় আহত গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (৩২) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে খুলনার একটি ক্লিনিকে তার মৃত্যু হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৯ জুলাই রাত ৮টার দিকে ঘোষের চর কলাবাগান এলাকার বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন রাসেল। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খালু মাহামুদ কাজী ও অজ্ঞাতনামা আরও কয়েকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন বলে অভিযোগ ওঠে। উদ্ধার করে রাসেলকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খুলনা হেলথ কেয়ার ক্লিনিকে স্থানান্তর করা হলে গতকাল সকাল ৯টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় গত ৩০ জুলাই সদর থানায় রাসেলের মা মামলা করেন। এতে মাহামুদ কাজীকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।