মাদারীপুরে সিনিয়র-জুনিয়র নিয়ে সংঘর্ষ, আহত ৮

মাদারীপুরে সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮ জন। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ।

মঙ্গলবার রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার পাকদী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে পাকদী এলাকার তুষার সরদারের সঙ্গে পাশের থানতলী এলাকার মিঠুন খলিফার সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে আহত হয় অন্তত ৮ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অর্ধশত ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বদরুল আলম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের শাস্তির ব্যবস্থার আশ্বাস দেন।