কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়িতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শামছুল হক (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। শামছুল হকের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার মালতিবাড়ি গ্রামে। এ সময় ড্রাইভারসহ আহত আরও ৮ যাত্রীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা অজয় পরিবহনের একটি বাস, সদরের কাঁঠালবাড়ি বাজার সংলগ্ন নুরুল্লাহ ফাজিল মাদ্রাসা এলাকায় পৌঁছালে, ঢাকা থেকে কুড়িগ্রামগামী আহসান পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা এসে, ড্রাইভারসহ আহত ৮ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরে পরিবারের লোকজন গুরুতর আহত শামছুল হককে কুড়িগ্রাম থেকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুরের দিকে তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আনোয়ারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।