সাতক্ষীরায় ২ মাদ্রাসাছাত্রসহ নিখোঁজ ৩

সাতক্ষীরা সদরে গত দু’দিনে একই মাদ্রাসার দুই ছাত্রসহ তিনজন নিখোঁজ হয়েছে। তাদের সন্ধান চেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজরা হলো সাতক্ষীরা শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসার ছাত্র ও শহরের খড়িবিলা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে রাহাতুল ইসলাম শাওন এবং কলারোয়ার গয়ড়া চন্দনপুর এলাকার আইয়ুব হোসেনের ছেলে ইমামুল হোসেন। অন্যজন সদর উপজেলার তালতলা গ্রামের নুরুল হক (৮৫)।

এ ঘটনায় গত সোমবার শাওনের বাবা এবং ইমামুলের চাচা আরিফ হোসেন মিন্টু সদর থানায় জিডি করেন। এতে বলা হয়, গত রবিবার বেলা ১১টার দিকে মাদ্রাসা থেকে একই সঙ্গে বের হয় শাওন ও ইমামুল। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, শাওন ও ইমামুল হেফজো বিভাগের ছাত্র। তাদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।

এদিকে সদর উপজেলার তালতলা গ্রামের বাড়ি থেকে গত সোমবার সকাল ৯টার দিকে চা পানের উদ্দেশে বের হন বৃদ্ধ নুরুল হক। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সবখানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরের দিন স্বামীর সন্ধান চেয়ে সদর থানায় একটি জিডি করেন রাশিদা বেগম।