ইমরানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মিয়াঁদাদের

পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছেন ইমরান খান। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তারই সতীর্থ জাভেদ মিয়াঁদাদ। সাফ জানিয়ে দিলেন, পিসিবিতে ইমরানের সুপারিশে যে কর্তারা আছেন, তাদের কোনো ক্রিকেট জ্ঞানই নেই।

মিয়াঁদাদ নিজের ইউটিউব চ্যানেলে ইমরানকে উদ্দেশ্যে করে বলেন, ‘আমি তোমার ক্যাপ্টেন ছিলাম। আমি তোমাকে গড়ে তুলেছি। তুমি ভাব তুমি একাই নাকি ক্রিকেট বোঝে, বাকিরা বোঝে না। পিসিবিতে যাদের রেখেছ, তারা ক্রিকেট নিয়ে কী বোঝে, তা একটু ভাবনা চিন্তা করো। দেরি হয়ে যাওয়ার আগেই।’

মিয়াঁদাদের আরো সংযোজন, ‘পিসিবির কোনো কর্তারই ক্রিকেট নিয়ে এবিসি জানে না। ব্যক্তিগতভাবে আমি ইমরানের সঙ্গে এই বিষয়ে কথা বলব। দেশের ক্রিকেটের পক্ষে ক্ষতিকর এমন কাউকেই আমি ছাড়বও না। বিদেশ থেকে ওয়াসিম খানকে আনা হয়েছে। ও যদি চুরি করে পালায়, ওকে কি ধরা সম্ভব হবে?’

মিয়াঁদাদ আরো বলেছেন, ‘যারা পাকিস্তানের হয়ে খেলছে তারাই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ। তবে এই ক্রিকেটাররা পরে যাতে শ্রমিক না হয়ে পড়ে তা আমাদের দেখা উচিত। ওরা ক্রিকেটারদের খেলিয়ে পরে ছুড়ে ফেলে দেয়। এই কথা আগেও বলেছি। তবে ওঁরা শোনেনি।’