হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে ওয়ালপেপার ফিচার

ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটিংয়ে প্রথমবারের মতো কাস্টম ওয়ালপেপার যোগ করার সুবিধা আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর আগে অবশ্য ওয়ালপেপার পরিবর্তন করা যেত, তবে এতে পুরো অ্যাপের ওয়ালপেপার পাল্টে যেত। কার সঙ্গে কোন ওয়ালপেপার যোগ করে চ্যাটিং করা হচ্ছে, সেটি বোঝার উপায় ছিল না। হোয়াটসঅ্যাপ বিশেষজ্ঞদের ব্লগ ওয়াবেটাইনফো জানিয়েছে, ফিচারটি এখনো সবার জন্য উন্মুক্ত করা হয়নি। পরীক্ষামূলকভাবে ২.২০.৯০.২১ ভার্সনে ব্যবহার করা হয়েছে। ব্লগ পোস্ট থেকে জানা গেছে, লাইট এবং ডার্ক মোডে একাধিক ওয়ালপেপার ব্যবহার করা যাবে। পরিবর্তন আনা যাবে ব্রাইটনেসেও। ওয়ালপেপার হিসেবে নিজের ছবিও ব্যবহার করা যাবে নতুন এই ফিচারে। নতুন আপডেটে কিছু ত্রুটিও ঠিক করেছে হোয়াটসঅ্যাপ। তবে বড় কোনো পরিবর্তন আসেনি। হোয়াটসঅ্যাপে আরও কিছু নতুন ফিচার আসছে। এর মধ্যে অন্যতম একটি অ্যাকাউন্ট একসঙ্গে একাধিক ডিভাইসে ব্যবহারের সুযোগ। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এই দুটি ফিচারের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। একাধিক ডিভাইস ব্যবহারের সুবিধা আসলে মোট চারটি ফোনে আপনি এক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ একসঙ্গে একটি ডিভাইসের পাশাপাশি শুধু ওয়েবে ব্যবহার করা যায়। নতুন আপডেটে বেটা ভার্সনে ফিচারটি ‘লিংকড ডিভাইসেস’ নামে শো করতে দেখা গেছে।

সাধারণ ভার্সনে আসলে এই ফিচারটি থাকবে অ্যাপের সেটিংস অপশনে। কোন কোন ডিভাইসে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটি অ্যাকাউন্ট থেকেই দেখা যাবে। আরেকটি ফিচারের নাম ‘অ্যাডভান্সড সার্চ’। নাম দেখে বোঝা যাচ্ছে সার্চিংয়ের সুবিধার জন্য রাখা হয়েছে। এই ফিচারটি আসলে ব্যবহারকারীরা সার্চে ট্যাপ করে ছবি, ভিডিও, লিংক এবং অডিওর আলাদা-আলাদা ক্যাটাগরি পাবেন।