জামালপুরের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহর প্রতি অনাস্থা জানিয়েছেন ওই ইউনিয়নের নয়জন সদস্য। গতকাল বুধবার দুপুরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অনাস্থা প্রস্তাব দেন ওই ইউপি সদস্যরা।

অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ মাহমুদপুর বাজারের পুরনো ইউপি ভবনের জায়গায় নির্মিত দোকানপাটের জামানত, ভাড়া, ইউনিয়নের নয়টি ওয়ার্ডের হাট-বাজারের আদায়কৃত ট্যাক্স, এলজিএসপি প্রকল্পের টাকা, ইউপি সদস্যদের সম্মানী ভাতা, শ্রমিকদের ১০০ দিনের কর্মসূচির টাকা ও টিআর কাবিখার টাকা আত্মসাৎ করেছেন। ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য মোছা. নুর নাহার, ২ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম, ৩ নম্বর ওয়ার্ডের মনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের জসিমউদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের হানিফউদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান মাজেদ, ৭ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম, ৮ নম্বর ওয়ার্ডের আবদুল হামিদ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক এ অনাস্থা প্রস্তাব দেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ‘আমার ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য এটি একটি চক্রান্ত। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।’

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানিয়েছেন, এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।