নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে পুকুর থেকে সাত মাসের শিশুসহ মায়ের এবং অন্য একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া লালমনিরহাটের পাটগ্রামে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ তরুণের এবং নেত্রকোনার কলমাকান্দায় উদ্ধার করা হয়েছে ঝুলন্ত অন্তঃসত্ত্বার মরদেহ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
নীলফামারী : ডোমার উপজেলার দুই পুকুর থেকে তিন শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ডোমার উপজেলার চিলাহাটি গ্রামের প্রগতিপাড়ার একটি পুকুর থেকে সাত মাসের মেয়েশিশুসহ মানসিক ভারসাম্যহীন মায়ের মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় দুই শিশুর লাশ।
নিহতরা হলো চিলাহাটি গ্রামের প্রগতিপাড়ার ইসমাইল হোসেন স্ত্রী আলেয়া বেগম (২৫) ও তার সাত মাসের মেয়েশিশু মনি আক্তার এবং চাকধাপাড়ার দেলোয়ার হোসেনের মেয়ে সাইমা বেগম (৫) ও একই গ্রামের সুমন রহমানের মেয়ে সুমনা আক্তার (৬)।
লালমনিরহাট : পাটগ্রাম উপজেলায় সাঁতার কেটে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে সবুজ হোসেন (৩০) নিখোঁজের এক দিন পর নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় পাটগ্রাম পৌরসভার পশ্চিম মির্জারকোট এলাকার সিঙ্গিমারী নদীতে তার লাশ ভেসে উঠে। গত মঙ্গলবার সকালে নদী পার হতে গিয়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। সবুজ পাটগ্রাম পৌরসভার পশ্চিম মির্জারকোট গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
নেত্রকোনা : কলমাকান্দায় ঘরে আড়ের সঙ্গে গলায় ওড়না পেঁচানো চার মাসের অন্তঃসত্ত্বা শান্তা আক্তারের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলায় খারনৈ ইউনিয়নের বামনগাঁওয়ের স্বামীর ঘরে এ ঘটনা ঘটে। শান্তার স্বামী একই গ্রামের মো. আশাদুল্লার ছেলে ভাড়ায় মোটরসাইকেল ও অটোচালক জিয়াউল ইললাম (২৫)।
শান্তার মা শেফালী আক্তার দাবি করেন, বিয়ের পর থেকে তার মেয়েকে নানাভাবে মানসিক অত্যাচার করা হতো।