টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিলয় (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নিখোঁজের ১৯ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিলয় উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের মো. আকতার মিয়ার ছেলে। তিনি রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে নিলয় তার বন্ধুদের সঙ্গে রাজাবাড়ি বাইনাচালা নামক স্থানে বন্যার পানিতে গোসল করতে যায়। সেখানে একটি কালভার্টের উপর থেকে লাফিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়েও তার কোনো সন্ধান না পেয়ে ফিরে যায়।
বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলের প্রায় দুইশ গজ দূর থেকে নিলয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেন।