আফ্রিকার চিকিৎসকেরা হুঁশিয়ার করে জানান, করোনা মহামারিকে প্রাধান্য দেওয়ার কারণে আফ্রিকায় ম্যালেরিয়া রোগে এ বছর দ্বিগুণ মানুষের মৃত্যু হতে পারে।
এ ছাড়া যক্ষ্মা, এইডসের মতো সংক্রমণ বৃদ্ধি পাবে বলে তারা আশঙ্কা করছেন— এ সব জানা গেল ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে।
চিকিৎসকেরা আরও বলেন, করোনা মহামারি সংকট ও লকডাউন জারি করার পর যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইডস রোগের বিরুদ্ধে কার্যক্রম ব্যাহত হয়েছে।
সংবাদমাধ্যমটিকে এইডস রোগ বিশেষজ্ঞ ডা. সেলিম আবদুল করিম বলেন, “স্বাস্থ্য কেন্দ্রে যেতে এখন রোগীরা ভয় পাচ্ছেন, তাই রোগীদের সংখ্যা আমরা কমতে দেখেছি। এখন আমাদের গভীর উদ্বেগ যে, বহু বছরের সফলতা হয়তো বা ম্লান হয়ে যেতে পারে।”
এ দিকে বিশ্বে এখন করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ২ কোটি ৪৭ লাখ ৮৮৭। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৩ জনের। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিন এই তথ্য জানিয়েছে।