আড়াইহাজারে ব্যাটারি চোর সন্দেহে বাছেদ মিয়া (৩১) নামে এক যুবককে পিটিয়ে অমানুষিক নির্যাতন চালিয়েছে বলে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
আহত বাছেদ উপজেলার দক্ষিণপাড়া গ্রামের ইয়ানুছ মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৬টার দিকে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক জি, এস ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ওই গ্রামের অজিৎ চন্দ্র দাস এর ছেলে অপু দাসকে দিয়ে বাছেদকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসে সাইফুলের মামা জহিরুলের বাড়িতে।
সেখানে রিকশার ব্যাটারি চোর সন্দেহে বাছেদকে রশি দিয়ে বেঁধে জরিমানা বাবদ ৪ লাখ টাকা দারি করেন। টাকা দিতে অপারগতা জানালে সাইফুল, অপু, আরিফ এবং কামরুল তাকে লোহার রড দিয়ে পিটিয়ে অমানুষিক নির্যাতন চালায়। তারা বাছেদের আঙুল প্লাস দিয়ে চেপে ধরে জখম করে।
অমানুষিক নির্যাতনে বাছেদের সমস্ত দেহ ফুলে গেছে। পরে এলাকার লোকজনের সহায়তায় স্বজনরা বাছেদকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আহত বাছেন নির্মাণ শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে।
এ ব্যাপারে বাছেদ মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ৪ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সালেহ আহমেদ দেশ রূপান্তরকে জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।