বিশ্বজুড়ে করোনা মহামারির মধ্যেই ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। করোনা ধাক্কার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরগুলোর মধ্যে এটিই প্রথম মাঠে গড়াবে।
জনপ্রিয় এই টুর্নামেন্টে ব্যাট-বলের তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। অন্যান্য বারের মতো এবারের টুর্নামেন্টেও তৈরি হতে পারে নতুন নতুন রেকর্ড। তার আগে কিছু পুরোনো রেকর্ডের দিকে নজর ফেরানো যাক। দেখে নেওয়া যাক, সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকা-
ক্রিস গেইল
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ক্রিস গেইল ৭৬টি ম্যাচ খেলেছেন। সিপিএলে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় তিনি শীর্ষ স্থানে অবস্থান করছেন। একই আসনে আসীন ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক দিনেশ রামদিনও।
রায়াদ এমরিত
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রায়াদ এমরিত। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৭৫টি ম্যাচ খেলেছেন তিনি।
চ্যাডউইক ওয়ালটন
ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটন ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৭৩টি ম্যাচ খেলেছেন। তালিকার তৃতীয় স্থানে তিনি।
সুনীল নারিন ও লেন্ডল সিমন্স
ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারিন এবং ওপেনার লেন্ডল সিমন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৭১টি করে ম্যাচ খেলেছেন। তারা তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছেন।
কিয়েরন পোলার্ড
ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কিয়েরন পোলার্ড তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৭০টি ম্যাচ খেলেছেন এই দীর্ঘদেহী ক্রিকেটার।
ডোয়াইন ব্রাভো
অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ৬৯টি ম্যাচ খেলেছেন। তিনি তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছেন।