বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন আজ শনিবার। গতকাল শুক্রবার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাকে উপহারসামগ্রী পাঠিয়েছে ঢাকার চীনা দূতাবাস। এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জন্মদিনে এবারও আনুষ্ঠানিকভাবে কেক কাটবেন না খালেদা জিয়া। তার দ্রুত আরোগ্য কামনা করে আজ রাজধানী ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জন্মদিনের এক দিন আগে গতকাল খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে উপহারসামগ্রী পাঠিয়েছে ঢাকার চীনা দূতাবাস। বিকেল ৫টায় উপহারসামগ্রী নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আসেন দূতাবাসের কর্মকর্তারা। তারা বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারের কাছে উপহারসামগ্রী তুলে দেন। দূতাবাস কর্মকর্তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন। উপহারসামগ্রী গ্র্রহণ করার পর তা খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে গতকাল এক খুদে বার্তায় বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের অংশ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, ৭০তম জন্মবার্ষিকীর পর থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদ অনুরোধ জানিয়েছিলেন ১৫ আগস্ট জন্মদিন পালন না করার জন্য। এ বছর খালেদা জিয়ার জন্মদিনে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ে তার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
জানা গেছে, আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন না করলেও পারিবারিকভাবে রাত ১২টা ১ মিনিটে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটা হতে পারে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবেন।