মেয়র মো. আতিকুল ইসলামের নেতৃত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে।
সকাল সাড়ে নয়টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মেয়র। সঙ্গে ছিলেন ডিএনসিসি’র কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা।
বেলা সড়ে দশটায় তারা বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদতবরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আতিকুল ইসলাম।
বেলা ১১টায় গুলশানে ডিএনসিসি’র প্রধান কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময়ও শাহাদতবরণকারী সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে আতিকুল ইসলাম বলেন, “জাতির পিতা এ দেশকে স্বাধীন করেছেন। সারাটি জীবন যিনি অন্যায়ের প্রতি প্রতিবাদ করেছেন। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য নিজের পরিবার, ছেলে-মেয়ে, স্ত্রী কাউকে সময় দেননি। সেই জাতির পিতাকে আজকের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়। তাই এই দিনে আসুন প্রতিজ্ঞা করি, বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে দেশকে ভালোবেসে ছিলেন, আমরা যেন সেই আদর্শ নিয়ে দেশকে ভালোবাসি। আমরাও প্রতিজ্ঞা করি, এ দেশকে ভালোবেসে আমরা যেন সুন্দর ঢাকা শহর গড়তে পারি।”
এ সময় আরও ছিলেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, অন্যান্য কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলররা।