বন্ধুকে বেঁধে বান্ধবীকে ধর্ষণ চেষ্টা

গাজীপুরের কালীগঞ্জে ইজিবাইকে ঘুরতে আসা এক কলেজছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে গ্রেপ্তারদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ গ্রামের হুমায়ুনের ছেলে এনামুল মোড়ল (৩৪), গোপাল চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (২০), মৃত রঞ্জিত চন্দ্র দাসের ছেলে তরুণী চন্দ্র দাস (২০) ও শিংলাব গ্রামের রুহুল আমিনের ছেলে সজিব মিয়া (২০), রবি রয়ের ছেলে উদয় রয় (২০) ও জাহাঙ্গীরের ছেলে ইলিয়াস (২১)।  

কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক জানান, গত ৫ আগস্ট গাজীপুর থেকে ইজিবাইক নিয়ে দুই বন্ধুসহ এক কলেজছাত্রী কাপাইশ গ্রামে ঘুরতে আসে। সন্ধ্যা হয়ে গেলে ওই এলাকার বখাটে ৩ যুবক মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করে। পরে তারা মোবাইলে আরও ৫ বখাটেকে খবর দিয়ে ৮ জন মিলে কলেজছাত্রীর দুই বন্ধুকে বেঁধে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং মেয়েটিকে পাশের একটি লেবু বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই কলেজছাত্রী কৌশলে বখাটে সজীবের মোবাইল নম্বর নিয়ে তার নম্বর দিয়ে পালিয়ে যায়। এ সময় ওই কলেজছাত্রীর বুদ্ধিমত্তায় ধর্ষণ থেকে রক্ষা পায়।

বাড়িতে গিয়ে ঘটনাটি জানানোয় কলেজছাত্রীর বাবা কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ কলেজছাত্রীর সহযোগিতায় বখাটে সজীবকে মোবাইল ফোনে ডেকে এনে তাকে শুক্রবার গ্রেপ্তার করে। পরে সজীবের মাধ্যমে অন্যদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় ধর্ষণচেষ্টার একটি মামলা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।