গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেয়া হয়েছে এপিক গেমসের জনপ্রিয় ফর্টনাইট গেম। অ্যাপ স্টোরগুলোর পলিসি না মানার কারণেই জনপ্রিয় এই গেম সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিউজ এইটিন জানায়, অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে কোনও অ্যাপ কিনলে বা গেমের মধ্যে কিছু কেনাকাটা করলে স্টোরগুলোর নিজস্ব পেমেন্ট বা বিলিং সিস্টেম ব্যবহার করতে হয়।
কিন্তু ফর্টনাইট গুগল ও অ্যাপেলের পেমেন্ট প্ল্যাটফর্ম পাস কাটিয়ে ডাইরেক্ট পেমেন্ট লঞ্চ করেছিল। অ্যাপ সাবস্ক্রিপশন বা ইন-অ্যাপ পারচেজের জন্য সাধারণত প্রায় ৩০ শতাংশ ফি ধার্য করে থাকে অ্যাপেল আর গুগল।
বৃহস্পতিবার নতুন ফোর্টনাইট গেমের দু'টি ভার্সনেই আপডেট আসে। এই নতুন আপডেটটি আসার ফলে ব্যবহারকারীরা ডাইরেক্ট পেমেন্টের অপশন পান। যদিও ফোর্টনাইট ফ্রি গেম, তবে ব্যবহারকারীদের এই গেমের কিছু জিনিসের জন্য পেমেন্ট করতে হয়।
গুগল জানায় যে, যতক্ষণ ফোর্টনাইট গেমটি অ্যান্ড্রয়েডের ওপেন ইকোসিস্টেম উপলব্ধ থাকবে ততক্ষণ আমরা একটিকে প্লে স্টোরে রাখতে পারবো না। কারণ এটি আমদের নীতি লঙ্ঘন করে। যদিও গেমটি পুনরায় প্লে স্টোরে ফিরিয়ে আনার জন্য আমাদের সঙ্গে এপিক গেমসের আলোচনার সমস্ত সুযোগ খোলা আছে।
অন্যদিকে অ্যাপল জানিয়েছে যে, অ্যাপ স্টোর সুরক্ষিত রাখার জন্য অ্যাপ স্টোরের যাবতীয় নীতি, নিয়ম প্রত্যেক ডেভলপারের ওপর সমানভাবে প্রযোজ্য। কিন্তু এপিক গেমস এই গাইডলাইনস ভঙ্গ করেছে। সেই কারণেই তাদের অ্যাপটি স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।