রাজবাড়ীর কালুখালীতে রবিউল বিশ্বাস (৩০) নামে এক ব্যবসায়ীকে পানিতে চুবিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার মাঝবাড়ির মোনাই বিল থেকে রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ। রবিউল স্থানীয় বেদবাড়িয়া গ্রামের আছির উদ্দিন বিশ্বাসের ছেলে। পুলিশের দাবি, লাশ উদ্ধার করতে গেলে দুই ঘণ্টা অবরুদ্ধ রেখে তাদের ওপর দফায় দফায় হামলা চালায় স্থানীয়রা।
নিহত রবিউলের ভাই ও প্রত্যক্ষদর্শী আক্তার বিশ্বাস বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে আমার দুই ভাই রবিউল ও বাবুলের বিরুদ্ধে মামলা করে একই এলাকার ইসলাম খান (৪৬)। শুক্রবার রাতে পুলিশ এসে বাবুলকে ধরে নিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পর আমাকে ও রবিউলকে ধাওয়া করে প্রতিপক্ষের লোকজন। আমি সাঁতরিয়ে বিল পার হলেও রবিউল ওই সন্ত্রাসীদের হাতে ধরা পড়ে। এ সময় প্রতিপক্ষের ইলিয়াস (৩৪), রাকিব (৩২) ও রফিক (৩৬) আমার ভাইকে পানিতে ডুবাতে থাকে। ভয়ে আমি পালিয়ে আসি। এরপর শনিবার সকালে মোনাই বিলে তার লাশ পাই।’
কালুখালী থানার এসআই মাহবুব হোসেন জানান, রবিউলের মৃত্যুর ঘটনায় এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করছে। লাশ উদ্ধার করতে গেলে পুলিশকে অবরুদ্ধ করে স্থানীয়রা। প্রায় দুই ঘণ্টা পর রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে। কালুখালী থানার ওসি কামরুল ইসলাম জানান, লাশ উদ্ধারে গিয়ে আমাদের চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
এদিকে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত দেশের তিন জেলায় নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবওে :
রংপুর : পীরগঞ্জে ধানক্ষেত থেকে সাফায়েত আকন্দ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার লাট মিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা পুলিশের। সাফায়েত সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুরের জয়নাল আকন্দের ছেলে।
কুমিল্লা : সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হয়েছেন রাজিব হাসান নামে এক যুবক। গত শুক্রবার রাতে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। নিহত রাজিব নগরীর বজ্রপুর এলাকার মো. শাহীনের ছেলে।
পটুয়াখালী : বাউফলে নিজ ঘর থেকে পপি অধিকারী (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পপি ওই গ্রামের শ্যাম অধিকারীর স্ত্রী।