হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের বইপত্র ও সরঞ্জাম কেনা-কাটায় সরকারের ৩ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় মেডিকেল কলেজটির অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ঝর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলি ও পুনম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এসএম নজরুল ইসলাম নুতনকে আসামি করা হয়েছে।
রবিবার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান ও মো. ফেরদৌস রহমান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি করেন।
একটি মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চ মূল্যে বই ক্রয় দেখিয়ে সরকারের ১ কোটি ২৯ লাখ ৩৩ হাজার ১২১ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মাসাৎ করে।
অপর এজাহারে বলা হয়, অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ান ও পুনম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এসএম নজরুল ইসলাম নুতন অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন। তারা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত মূল্যের চেয়ে উচ্চমূল্য দেখিয়ে যন্ত্রপাতি ক্রয় করে সরকারের ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ করেছেন।
মামলা দুটি দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় রেকর্ড করা হয়েছে।