নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেইসবুকে’ এক গৃহবধূর নামে মানহানিকর স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকালে তুমুল সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকরাইল মোড়া এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) লোকমান ও একই ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী জুলহাসের গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অনেকেই স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে চিকিৎসা গ্রহণ করছেন। এ সময় একপক্ষ অন্যপক্ষের অন্তত ১০ থেকে ১২টি বসতবাড়ি ও একটি মুদিদোকান ভাঙচুর এবং লুটপাট করে। আবুল হোসেন ও নাঈম নামের টেঁটাবিদ্ধ দুজনকে পাঠানো হয়েছে ঢাকায়। আলমান নামে আচার বিক্রেতা এক বৃদ্ধাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় পুলিশ মোতায়েন রাখা আছে।