কাশ্মীরে হামলায় দুই ভারতীয় জওয়ান ও এক পুলিশ নিহত

ভারতের স্বাধীনতা দিবসের একদিন পরই জম্মু ও কাশ্মীরে হামলা চালিয়েছে স্বাধীনতাকামীরা। এতে আধাসামরিক বাহিনী সিআরপিএফের দুই জওয়ান ও স্থানীয় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার সকালে স্বাধীনতাকামীরা এ হামলা চালায় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

তাদের বরাত দিয়ে এই সময় জানায়, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ক্রিরির চেক পোস্টে টহল দিচ্ছিল। তখন তাদের ওপর অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা।

এ সময় পাল্টা গুলি চালায় ভারতীয় বাহিনীও। তবে পালিয়ে যেতে সক্ষম হয় হামলাকারীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুজন সিআরপিএফ জওয়ান ও এক পুলিশ সদস্যের।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, ‘ওই হামলায় আমরা তিন জওয়ানকে হারিয়েছি। ঘটনাস্থলে আরও বাহিনী পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’

এক সপ্তাহে কাশ্মীরে এ নিয়ে তৃতীয়বার ভারতীয় বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটল। গত ১৪ আগস্ট শ্রীনগরের কাছে নওগামে হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। এছাড়া ১২ আগস্ট আরেক বন্দুকযুদ্ধের ঘটনায় আধাসামরিক বাহিনী এক জওয়ান নিহত হন।