দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকরা জামের জুস তৈরির ফর্মুলা উদ্ভাবনের দাবি করেছেন। বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদের নেতৃত্বে গবেষকরা এটি উদ্ভাবন করেন।
এ বিষয়ে ড. মারুফ আহমেদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় আমরা কালো জামের ওপর গবেষণা করে এর ঔষধি গুণাগুণ ও জুস তৈরির ফর্মুলা বের করেছি। চলতি বছরই জামের জুস স্থানীয় ইন্ডাস্ট্রির মাধ্যমে বাজারজাত করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘বাজারে অন্যান্য ফলের জুস পাওয়া গেলেও জামের জুস নেই। কারণ জামের পাল্প ও বীজ আলাদা করা কঠিন হওয়ায় জুসের গুণাগুণ থাকে না। এ জন্য আমরা স্থানীয় ওয়ার্কশপের মাধ্যমে পাল্প এক্সট্রাক্টর মেশিন বানিয়েছি।’
ড. মারুফ প্রায় ১৫ বছর বিভিন্ন ফলমূল, শাকসবজি, সামুদ্রিক শৈবাল ও ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছেন। ইতিমধ্যে তার নেতৃত্বে গবেষকরা প্লাস্টিক পচানোর দুই ধরনের ব্যাকটেরিয়াল স্ট্রেইনস পেয়েছেন। এ ছাড়া বিসিএসআইআর ও ঢাকা ল্যাবের সঙ্গে যৌথভাবে হাবিপ্রবি ল্যাকটিক এসিড পাউডার তৈরি করেছে।