করোনা প্রাদুর্ভাবের মাঝে ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিমোনা হালেপ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এই সিদ্ধান্ত জানান বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন।
সাবেক নম্বর ওয়ান হালেপ বর্তমানে নারী র্যাঙ্কিংয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। রবিবারই তিনি জিতেছেন প্রাগ ওপেন।
শীর্ষ ১০ নারী খেলোয়াড়ের মধ্যে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামের এই আসর থেকে নিজের নাম সরিয়ে নিলেন হালেপ।
২৮ বছর বয়সী রোমানিয়ান তারকা হালেপ নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ‘চারদিকের অবস্থা ও বর্তমান সময়ে আমরা যার মধ্যে বেঁচে আছি, সেসব বিবেচনা করে আমি (যুক্তরাষ্ট্রে) ভ্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’
করোনার অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে ৩১ আগস্ট শুরু হবে ইউএস ওপেন।
পুরুষ তারকাদের মধ্যে রাফায়েল নাদাল নিজেকে সরিয়ে নিয়েছেন আগেই। হাঁটুর চোটের কারণে খেলবেন না আরেক তারকা রজার ফেদেরারও। সব মিলে একঝাঁক তারকা মিস করবে দর্শক।