জাতীয় শোক দিবসে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। গত শনিবার বিকেলে বন্দর উপজেলা মিলনায়তনে জাতীয় শোক দিবসের নানা আয়োজনের মধ্যে উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে দুজন করে মোট ১০ জন ভিক্ষুকের প্রত্যেককে একটি করে দোকান এবং দোকানের মালামাল প্রদান করা হয়।
এছাড়া আলোচনা সভা, দোয়া মাহফিল ও যুব ঋণের চেক বিতরণ এবং ভিক্ষুক পুনর্বাসন ও পুরস্কার বিতরণ করা হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রতিটি মানুষকে সোনার মানুষ হতে হবে। আমরা যদি দেশকে ভালো না বাসি তাহলে পাকিস্তানি প্রেতাত্মারা গুজব ছড়িয়ে এ দেশকে ধ্বংস করে দেবে। ওই প্রেতাত্মাদের কারণে আমাদের দেশ পিছিয়ে পড়বে। এ বিষযটি মাথায় রেখে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে।