নব্য জেএমবি’র স্লিপার সেল ‘এফজেড ফোর্স’ এর ২ সদস্য গ্রেপ্তার

রাজধানীর সদরঘাট এলাকা থেকে নব্য জেএমবি’র স্লিপার সেল ‘এফজেড ফোর্স’ এর দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট।

সোমবার সন্ধ্যায় কোতোয়ালি থানার সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাফফাত ইসলাম ওরফে আবদুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ (১৮) ও ইয়াছির আরাফাত ওরফে শান্ত (২০)।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ২টি মোবাইল ফোন, ১টি নান চাকু এবং তাদের হাতে লিখিত জঙ্গি তৎপরতার নির্দেশনা, কর্মপরিকল্পনা সম্বলিত ডকুমেন্ট উদ্ধার করা হয়।

সিটি সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা নব্য জেএমবি’র সামরিক শাখার সদস্য। তারা একটি নতুন  গ্রুপে ৭/৮ জন সদস্য একত্রিত হয়ে একটি স্লিপার সেল গঠন করে যার নাম দেয় “এফজেড ফোর্স”।

এই উদ্দেশ্যে গত ৪ জুলাই সাফফাত ইসলাম ঢাকার এলিফ্যান্ট রোডের নিজ বাসা থেকে এবং ইয়াছির আরাফাত কেরানীগঞ্জের নিজ বাসা থেকে কথিত হিজরত করে সামরিক প্রশিক্ষণ এবং সদস্য সংগ্রহের চেষ্টা করে আসছিলেন।

তাদের প্রাথমিক টার্গেট ছিল প্রভাবশালী রাজনীতিবিদ এবং নাস্তিক সম্পদশালীদের হত্যা। এ উদ্দেশ্যে তারা অস্ত্র সংগ্রহ এবং বোমা প্রস্তুত করার মাধ্যমে নিজেদের সক্ষমতা অর্জনের প্রচেষ্টায় লিপ্ত ছিলেন।

এছাড়াও তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপস ব্যবহারের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। সংগঠনের কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠনের পরিকল্পনা গ্রহণ করেন।

গ্রেপ্তারদের ডিএমপির কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।