মধ্যরাতে হাসপাতালে ভর্তি অমিত শাহ

আবারও হাসপাতালে ভর্তি হলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চারদিন আগে তিনি করোনা থেকে সেরে উঠেছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, করোনা থেকে সুস্থ হওয়ার খবর নিজেই দিয়েছিলেন অমিত শাহ। গুরুগ্রামের হাসপাতাল থেকে বাড়িতেও ফিরেছিলেন। 

কিন্তু সোমবার মাঝরাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করানো হয়েছে তাকে।

এক সূত্রে জানা যায়, এদিন রাতে অমিত শাহের রক্তচাপ খুব বেড়ে যায়। শ্বাসকষ্টও দেখা যায় তার। এরপরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। 

এক বিবৃতিতে এইমস জানায়, ১৪ আগস্ট অমিত শাহের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। গত ৩-৪ দিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দেহে ব্যথা এবং ক্লান্তিজনিত সমস্যা রয়েছে।

আরও বলা হয়, কভিড-১৯ পরবর্তী চিকিৎসার জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে। তিনি সুস্থ রয়েছেন, হাসপাতাল থেকেই প্রয়োজনীয় কাজ করছেন। 

২ আগস্ট অমিত শাহের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ধরা পড়েছিল। এরপরেই দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন তিনি। 

গুরুগ্রামের ওই হাসপাতালে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পরে অমিত শাহের কভিড-১৯ পরীক্ষা করানো হয়। শুক্রবার সেই পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে।