পাঁচ লাখ টাকা নিয়েও ক্রসফায়ার, ওসি প্রদীপসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

সাময়িক বরখাস্ত  হওয়া টেকনাফ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মামলাটি দায়ের করেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার সুলতান আহমদের স্ত্রী গোল চেহের।

কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ (টেকনাফ) এর বিচারক মো. হেলাল উদ্দিন মামলাটি আমলে নিয়ে এএসপি সমমানের পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইনসাফুর রহমান জানিয়েছেন, গত ৪ জুলাই সকালে বাদী গোল চেহেরের দুই সন্তান সাদ্দাম হোসেন ও মো. জাহেদ হোসেনকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদেরকে ছেড়ে দেবে বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তাদের লাশ প্রদান করা হবে বলে হুমকি দেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান।

তিনি বলেন, পরে পৃথকভাবে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু তাদের ছেড়ে না দিয়ে জাহেদকে মিথ্যা অভিযোগে আদালতে সোপর্দ করলেও সাদ্দামকে গুলি করে হত্যা করে।

ইনসাফুর বলেন, এ মর্মান্তিক ঘটনায় মশিউর রহমানকে এক নম্বর ও প্রদীপ কুমার দাশকে দুই নম্বর আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের শামলাপুর পুলিশের তল্লাশি চৌকিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় দায়ের করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি বর্তমানে কারাগারে রয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এই মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেওয়া হয়েছে।