‘ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব’

আইসিসি টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা কঠিন হয়ে গেছে। ২০০৫-০৬’র পর দুদল আর টেস্ট খেলেনি।

২০০৮-এ মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে দুই প্রতিবেশীর বৈরী সম্পর্ক আরও বৈরী হয়ে পড়ে। তাই দুদেশের মধ্য ক্রিকেট সিরিজ হওয়াটা আলোচনার টেবিলে উঠছিল না। এবার সেই না হওয়াটা আরও কঠিন হয়ে গেল পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের কথায়। তিনি বলেছেন, এখন দুদলের সিরিজ হওয়ার কোনো পরিবেশই নেই।  

পাকিস্তানকে ১৯৯২’র বিশ্বকাপ এনে দেওয়ার পর খেলা ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়া ইমরান খান এখন দেশের প্রধানমন্ত্রী। পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিয়েছেন, ‘আমি মনে করি ভারতে যে ধরনের সরকার ক্ষমতায় আছে, তাতে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট আয়োজনের পরিবেশ ভয়াবহ।’ তবে পাকিস্তান-ভারত সিরিজকে এখনো বিশ্বের সবচেয়ে আগ্রহের সিরিজ বলে উল্লেখ করলেন ইমরান খান, ‘অ্যাশেজের গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু ভারত-পাকিস্তান সিরিজের সঙ্গে তুলনায় কিছুই আসবে না। এ সিরিজটা স্নায়ু চাপ নিয়ে খেলতে হয়। এ সিরিজের উপভোগের মাত্রাটা ভিন্ন।’

ইমরান নিজেও ভারত-পাকিস্তান দ্বৈরথের সাক্ষী। ভারতের মাটিতে দুটি দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিয়েছেন ১৯৭৯ ও ১৯৮৭ সালে। ওই সময় সিরিজের পরিবেশ ভালো ছিল বলেই জানান, ‘ওই দুটি সিরিজে প্রচুর দর্শকের সামনে আমরা খেলেছিলাম। দুই দেশের সরকারও নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যুতে সমস্যা মেটাতে তৎপর ছিল। যদিও ১৯৮৭-তে দর্শকরা পাকিস্তান দলের প্রতি কিছুটা বিদ্বেষী মনোভাব দেখিয়েছিল। এর কারণ, সে সময় দুদেশের মধ্যে বেশ কিছু সমস্যা চলছিল।