ভৈরবে ফেনসিডিল-ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১৭ বোতল ফেনসিডিল, এক বোতল স্কার্ফ ও ৪৫৫ পিস ইয়াবাসহ ৬ ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে জেলার বিজয়নগর উপজেলার নলগরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন ভৈরব র‌্যাব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

তিনি আরও জানান, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রি করে থাকে। ওই তথ্যের সত্যতা যাচাইয়ে মাদক ব্যবসায়ী চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানোর পর তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নলগরিয়া এলাকার এমরান হোসেনের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে এমরান হোসেন (২৫), ইয়াছিন (২২), সাদ্দাম হোসেন (২০), জীবন হোসেন (১৯), নুসাত ওরফে নুসু (২২) ও সুমন মিয়াকে (২৭) আটক করেন।

এ সময় আটক ব্যক্তিদের তল্লাশি করে ১৭ বোতল ফেনসিডিল, এক বোতল স্কার্ফ, ৪৫৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।