পদ্মার ভাঙনে মাদারীপুর জেলার শিবচরের চরাঞ্চলের আরও একটি স্কুল ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বন্দরখোলা ইউনিয়নের কাজীরসূরা ২৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটি নদীগর্ভে চলে যায়। বন্যার প্রথম দিকে এই বিদ্যালয়টিতে ওই এলাকার অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিল।
এ বছরের বন্যায় একই ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবনটি নদীতে বিলীন হয়। এ ছাড়া চলতি বছরের বন্যায় চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের একাধিক স্থাপনা ও ইউনিয়ন পরিষদ, কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭৭ নম্বর কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের তিন তলা ভবনটিও বিলীন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরখোলা ইউনিয়নের কাজিরসূরা এলাকাটি পদ্মার ভাঙনের ঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার রাতে বিদ্যালয়টি নদীতে চলে গেলে চরম আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। নদীগর্ভে বিলীন হওয়া বিদ্যালয়টির পাশেই রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক, বন্দরখোলা ইউনিয়ন পরিষদ ভবন ও কাজীরসূরা বাজারের দোকানপাট।