জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র : কাদের

জিয়াউর রহমানকে ইতিহাসের ‘ফুটনোট’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, স্বাধীনতার ঘোষণার পাঠক স্বাধীনতার ঘোষক হতে পারে না। ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না।

গতকাল বুধবার মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্টের মাস্টার মাইন্ড বিএনপি। এ দেশের রাজনীতিতে খুন, হত্যা, ষড়যন্ত্রের জনক জিয়া পরিবার।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেছেন, জেনারেল জিয়াকে নাকি ছোট করা হচ্ছে। আমি তার কাছে জানতে চাই, বঙ্গবন্ধু হত্যার পর মোশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? বঙ্গবন্ধুর হত্যাকারীরা সাক্ষাৎকারে বলেছেন, বঙ্গভবনের একটি কক্ষে জিয়ার সঙ্গে খুনিদের কথা হতো, দেখা হতো। খুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল? হত্যার বিচার বন্ধে মোশতাক সরকারের ইনডেমনিটি অর্ডিন্যান্স পঞ্চম সংশোধনীর মাধ্যমে কে সংবিধানে ঢুকিয়েছিল? সত্য কথা বললে ছোট করা হয়?

তিনি বলেন, খুনি আর খুনের মদদদাতা, প্রশ্রয়দাতা এবং বেনিফিশিয়ারও সমান অপরাধী। শুধু জিয়াই নয়, মুফতি হান্নানের সাক্ষ্যে উঠে এসেছে ২১ আগস্টের মাস্টার মাইন্ড হাওয়া ভবনের যুবরাজ তারেক জিয়া। এ দেশের রাজনীতিতে খুন, হত্যা, ষড়যন্ত্রের জনক জিয়া পরিবার। খুনিদের খুনিই তো বলবে জনগণ। সত্য কথা শুনতে আপনাদের এত গাত্রদাহ কেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২১ আগস্টের রক্তস্রোত এবং হত্যাকা-কে অন্যদিকে ঘোরাতে জজ মিয়া নাটক আপনারাই সাজিয়েছেন। আলামত নষ্ট করে ধামাচাপা দিতে চেয়েছেন। ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শেখাতে চেয়েছেন। পাঠ্যপুস্তক থেকে পর্যন্ত বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়েছেন। পাবলিক মিডিয়ায় বঙ্গবন্ধু হারিয়ে গিয়েছিল। কিন্তু ইতিহাস চলে নিজস্ব গতিতে। অপরাধীদের একসময় ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। ইতিহাসের সবচেয়ে বড় সত্য এই যে, ইতিহাস কাউকে ক্ষমা করে না।