শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক সাহেব আলী (৩২) ও রবিউল ইসলাম (২৬) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ছনকান্দা বটতলা গ্রামে নির্মাণাধীন একতলা ভবনের কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা পার্শ্ববর্তী চক কাউরিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বটতলা বাজারের পাশে তাঁতিহাটি ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লালের একটি ভবনের নির্মাণকাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। সকালে ভবন নির্মাণের গর্তে পিলার করার উদ্দেশ্যে রড লাগাতে গেলে সেই রড পার্শবর্তী রাইচ মিলের চালের সঙ্গে সংযুক্ত হয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শেরপুরের নালিতাবাড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।