হংকংয়ের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি বাতিল যুক্তরাষ্ট্রের

হংকংয়ে চীন জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করার পর এর প্রতিক্রিয়ায় সবশেষ পদক্ষেপ হিসেবে অঞ্চলটির সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ওয়াশিংটন হংকংয়ের সঙ্গে যে তিনটি দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে এর মধ্যে এটি অন্যতম।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চুক্তিগুলো বাতিলের ঘোষণা দিয়ে বলেছে, চীন প্রণীত জাতীয় নিরাপত্তা আইন হংকংয়ের মানুষের স্বাধীনতাকে চূর্ণ করেছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংয়ের কূটনৈতিক মর্যাদা ও বিশেষ বাণিজ্য সুবিধা বাতিলের ঘোষণা দেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইট বার্তায় লিখেছেন, চীনা কমিউনিস্ট পার্টি (চীনের ক্ষমতাসীন দল) হংকংয়ের মানুষের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন চূর্ণ করার পথ বেছে নিয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির এমন পদক্ষেপের কারণে হংকংয়ের সঙ্গে তিনটি চুক্তি বাতিল অথবা স্থগিত করছে।

যুক্তরাষ্ট্রের সবশেষ এই পদক্ষেপ নিয়ে আনুষ্ঠানিকভাবে চীন এখনো কোনো মন্তব্য কিংবা প্রতিক্রিয়া জানায়নি। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, চীন প্রণীত নতুন নিরাপত্তা আইনের কারণে শাস্তিমূলক প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র আরও নানা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলেই ধারণা করা হচ্ছে।