অ্যাম্বুলেন্সে মিলল ফেনসিডিল গাঁজা

কিশোরগঞ্জের ভৈরবে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারকালে ইনসান সরকার (২২) ও রাজু মিয়া (২৮) নামে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজাসংলগ্ন নাটালমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন একটি মাদক কারবারি চক্র ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকা থেকে মাদক নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাচ্ছে। স্কোয়াড কমান্ডার উপপরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল বেলা সোয়া ১১টা থেকে নাটালমোড় এলাকায় চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। অ্যাম্বুলেন্সটি দুপুর সাড়ে ১২টার দিকে তল্লাশি চৌকির কাছে এলে সেটি থামানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতর তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১৬৫ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহার করা অ্যাম্বুলেন্সটি জব্দ এবং এ ঘটনায় আটক করা হয় ইনসান সরকার ও রাজু মিয়াকে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাদের ভৈরব থানায় সোপর্দ করেছে র‌্যাব।