নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শাকিল (১৮) হত্যাকা-ের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ১৯ মাস পর ‘ক্লুলেস’ এ হত্যাকা-ের রহস্য উদঘাটন করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় অটোরিকশা ও মোবাইল ফোনসেট। অটোরিকশা ছিনতাই করতেই শাকিলকে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, আড়াইহাজার থানার বালিয়াপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে শাকিলকে হত্যা করে তার অটোরিকশা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরবর্তী সময়ে শাকিলের লাশ সোনারগাঁ থানার গজারিয়া এলাকা থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় শাকিলের ছোট ভাই সজীব বাদী হয়ে ২০১৮ সালের ১৩ নভেম্বর সোনারগাঁ থানায় মামলা করেন। পরে পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে মামলাটি ২০১৯ সালের জানুয়ারি মাসে পিবিআই নারায়ণগঞ্জে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম, আরিফ চৌধুরী ও আরব আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।