বান্দরবানে আজ শুক্রবার থেকে শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হচ্ছে সব পর্যটন কেন্দ্র। খোলা যাবে হোটেল-রিসোর্টও। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে হোটেল-রিসোর্ট মালিক সমিতিসহ সংশ্লিষ্টদের নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
সভায় আলোচনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, পর্যটন কেন্দ্রগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক। নো মাস্ক, নো এন্ট্রি।
পর্যটন কেন্দ্রগুলোর প্রবেশদ্বারে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। সবাইকে যথাযথভাবে হাত জীবাণুমুক্ত করে নিতে হবে। যাতায়াতের ক্ষেত্রে গাড়িতে ন্যূনতম তিন ফুট দূরত্ব বজায় রেখে বসতে হবে এবং আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিতে হবে।
পর্যটন কেন্দ্রগুলোতে ধারণক্ষমতার অর্ধেক পর্যটক প্রবেশ করতে দেওয়া হবে। জেলা প্রশাসন পরিচালিত নীলাচল ও মেঘলা পর্যটন কেন্দ্রে স্বাভাবিক সময়ে প্রায় ১০ হাজার পর্যটক প্রবেশ করতে পারেন। এখন সর্বোচ্চ ৫ হাজার পর্যটককে সেখানে ঢুকতে দেওয়া হবে।