সারা হাতজোড় করে বলেন, আমাকে ছবিতে নিন!

স্বজনপোষণের জেরে বলিউডের সুবিধাভোগী শ্রেণি স্টার কিডরা অতি সহজেই লাইমলাইটে উঠে আসে, অথচ আউটসাইডারদের লড়াইটা অনেক কঠিন হয়। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার প্রেক্ষিতে এ কথা বারবার উঠে আসছে।

স্টার কিডদের স্ট্রাগল নিয়ে অতীতেও অনেক মিম সামনে এসেছে। এবার পরিচালক রোহিত শেঠির একটি পুরোনো ভিডিও নিয়ে হইচই টুইটার জুড়ে।

এ পরিচালকের ‘সিম্বা’য় রণবীর সিং-এর অভিনয় করেছিলেন সারা আলী খান। যা নায়িকার ক্যারিয়ারের দ্বিতীয় ছবি, প্রযোজক ছিলেন করণ জোহর। সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে এই ছবির প্রমোশনের একটি ভিডিও, যেখানে রোহিতকে বলতে শোনা যাচ্ছে কেন সারাকে কাস্ট করেছেন!

‘দ্য কপিল শর্মা শো’তে রোহিত বলেন, তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সারাকে হাতজোড় করে একটি চরিত্রের জন্য কাঁদতে দেখে।

ভিডিওতে রোহিত বলতে শোনা গেল, “স্যার দয়া করে আমাকে কাজ দিয়ে দিন— ঠিক এভাবে ও বলেছিল। সারা সাইফ আলী খানের মেয়ে! অমৃতা সিং ও সাইফ আলী খানের মেয়ে একা অফিসে এসে, একজন পরিচালকের সামনে বসে এটা বলা ‘স্যার, প্লিজ আমাকে কাজ দিন’, এই কথা শুনে আমার কান্না পেয়ে গিয়েছিল। আমি বললাম, তুই ছবিটা করে ফেল।”

নেটিজেনরা স্বভাবতই মনে করিয়ে দেন, “এটাই হলো স্টার কিডদের স্ট্রাগলের সংজ্ঞা।” তবে গত বছর সারা নিজেই স্বীকার করেন বলিউডে স্টার কিডদের জার্নি অনেক সহজ। তিনি বলেন, “আমার অবশ্যই মনে হয় ইন্ডাস্ট্রির মানুষজনকে চেনাটা অনেক বেশি সাহায্য করে। সেই বিষয়টা আমি কোনোভাবেই অস্বীকার করতে পারব না। নেপোটিজমের একটা ভালো দিক হলো আমরা অনেক সহজে মানুষের কাছে যেতে পারি। আমি করণ জোহরকে ফোন করতে পারি, কোনো ছবি না করলেও। আমি রোহিত শেঠির অফিসে যেতে পারি। এই সুবিধাগুলো আমরা পাই, সেটা সম্পর্কে আমি অবগত।”

বোঝা যাচ্ছে, যে বিষয়টি এখন বিদ্রূপ করা হচ্ছে তা আগেই স্বীকার করে নিয়েছেন সারা।

২০১৮ সালে অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবিতে বলিউডে অভিষেক হয় সারার। তার প্রথম ছবির হিরো ছিলেন সুশান্ত সিং রাজপুত। সম্প্রতি সারা ও সুশান্তর সম্পর্ক ছিল বলে মন্তব্য করেন কঙ্গনা রনৌত। আপাতত মুক্তির অপেক্ষায় রয়েছে সারা অভিনীত ‘কুলি নম্বর ওয়ান’, বিপরীতে আছেন বরুণ ধাওয়ান। শিগগিরই ‘আতরঙ্গি রে’র জন্য শুটিং ফ্লোরে ফিরবেন সারা। পরিচালক আনন্দ এল রাইয়ের এই ছবিতে আরও দেখা মিলবে অক্ষয় কুমার ও ধানুশের।