করোনা: ডিনার পার্টিতে অংশ নিয়ে আইরিশ মন্ত্রীর পদত্যাগ

করোনা সংক্রমণ রোধে আরোপ করা বিধি নিষেধ ভাঙার অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন আয়ারল্যান্ডের এক মন্ত্রী।

আলজাজিরা জানায়, এ সপ্তাহে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রী দারা ক্যাল্লেরি। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৮০ জনেরও বেশি মানুষ।

জানা যায়, অনুষ্ঠানটি ছিল দেশটির পার্লামেন্টের গলফ সোসাইটি আয়োজিত একটি ডিনার পার্টি। একটি হোটেলে এ পার্টির আয়োজন করা হয়।

নতুন করে সংক্রমণ রোধে দেশটি জুড়ে সরকার কড়াকড়ি আরোপ করার একদিন পর এ ডিনার পার্টি হয়। 

এতে মন্ত্রী ক্যাল্লেরি অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েন। এ ঘটনার কয়েকদিন পর বৃহস্পতিবার 'ক্ষমা' চান তিনি।

ক্যাল্লেরি স্বীকার করেন, ডিনার পার্টিতে তার অংশ নেয়া ঠিক ছিল না। এরপর তার পদত্যাগের খবর প্রকাশ পায়।

আয়ারল্যান্ডের নিউজটক রেডিও প্রথম এ পদত্যাগের খবর দেয়। তবে ক্যাল্লেরির অফিস থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দেশটিতে এখন পর্যন্ত ২৭ হাজার ৬৭৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১২৯ জন।