অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরুর আগে ডাক পাওয়া খেলোয়াড়দের করোনাভাইরাস টেস্ট সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই দফায় ৩০ জন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষার পর শুক্রবার পাওয়া গেছে তৃতীয় ও শেষ দফায় আরও ১৬ ক্রিকেটারের টেস্ট রিপোর্ট।
সুখবর হলো, সবার রিপোর্ট নেগেটিভ; অর্থাৎ কেউ করোনায় আক্রান্ত নন।
তবে গত মঙ্গলবার দ্বিতীয় দফায় ১৫ ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়। তাতে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া যায় ইফতেখার হোসেন ইফতির শরীরে। স্বস্তির খবর হলো, এই ব্যাটিং অলরাউন্ডারের দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
আরও তিন দিন পর্যবেক্ষণে রেখে নিয়মানুযায়ী ইফতেখারের আবার একটি টেস্ট হবে। সেটি নেগেটিভ আসলে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে তার কোনো বাধা থাকবে না।
অনূর্ধ্ব-১৯ দলের করোনা টেস্ট নিয়ে শুক্রবার সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার।
আগামী ২৩ আগস্ট থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের মাসব্যাপী ক্যাম্প; চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর হবে ফিটনেস ও স্কিল ট্রেনিং।