হঠাৎ ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাকেঞ্জি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি পদত্যাগ করেছেন। বিসিবির কাছে লেখা চিঠিতে পদত্যাগের জন্য পারিবারিক কারণ উল্লেখ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে ক্রিকইনফোকে ম্যাকেঞ্জি বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। একমাত্র কারণ পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে।’

‘কভিডের সঙ্গে শিডিউল এবং সব সংস্করণে কাজ আমার অল্প দিনের পরিবারকে সময় দেয়া থেকে বঞ্চিত করছে। আমি সব সময় ভালোবাসা নিয়ে টাইগারদের অংশ হয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যাদের সঙ্গে কাজ করলাম তাদের জন্য সব সময় আমার টান থাকবে।’

ম্যাকেঞ্জি ২০১৮ সালে বাংলাদেশ টেস্ট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেন। এরপর দ্রুতই তামিম ইকবাল, লিটন দাসদের ভরসা অর্জন করেন।

বাংলাদেশের সঙ্গে কাজ করতে করতে টি-টোয়েন্টি লিগেও কাজ করেছেন। সেসময় খণ্ডকালীন চুক্তিতে বাংলাদেশের সঙ্গে ছিলেন তিনি।

গত বছর ভারত সফরে টেস্ট দলের সঙ্গে দেখা গেছে। এরপর চলতি বছর টি-টোয়েন্টি সিরিজে লাহোরে যাননি।

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে আবার কাজ করেন, সেটিই টাইগারদের সঙ্গে তার শেষ সিরিজ হয়ে থাকল।