কোচিংয়ে মনোযোগ দিতে প্রায় ২০ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন অস্ট্রেলিয়ার ক্যামেরন হোয়াইট।
অস্ট্রেলিয়াকে একটি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া হোয়াইট শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়াকে এই সিদ্ধান্তের কথা জানান।
ওয়ানডে দিয়ে ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা হোয়াইট নিচের সারির মেলবোর্নের হয়ে প্রিমিয়ার ক্রিকেট খেলা চালিয়ে যাবেন।
হোয়াইট ৪৭ টি-টোয়েন্টির শেষটি খেলেন ২০১৪ সালে। ২০১৮ সালে দেশের হয়ে খেলেন সবশেষ ওয়ানডে। এই সংস্করণে ৯১ ম্যাচে দুই সেঞ্চুরি আর ১১ ফিফটিতে করেন ২ হাজার ৭২ রান।
পেশাদার ক্রিকেটে ডানহাতি এই ব্যাটসম্যান শেষ ম্যাচ খেলেন গত বিগ ব্যাশে, অ্যাডিলেড স্ট্রাইকারের হয়ে।
টি-টোয়েন্টিতে ৩২.৮০ গড়ে ৯৮৪ রান তার। আর চার টেস্টে সংগ্রহ ১৪৬।
বল হাতে যথাক্রমে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টিতে তিনি উইকেট নিয়েছেন ১২, ৫ ও ১টি।
এই পরিসংখ্যান অবশ্য হোয়াইটকে খুব একটা চেনাতে পারবে না। তাকে চিনতে হলে ঘরোয়া ক্রিকেটে তার অবদান জানতে হবে। ১৭৭টি প্রথম শ্রেণির ম্যাচে রান সাড়ে দশ হাজারের বেশি।
অবসরের ঘোষণা দিয়ে হোয়াইট বলেছেন, ‘আমার মনে হয়েছে বিদায় নেয়ার এখনই সময়। সামনে কোচিংয়ে মন দিতে চাই।’